February 07, 2015

, ,

পেট্রোল বোমা থেকে বাঁচার উপায় নিয়ে এল ক্ষুদে বিজ্ঞানীরা

রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা যে কিশোর মনেও বড় ধরনের প্রভাব ফেলছে, তার নজির মিলল ফিজিক্স অলিম্পিয়াডের পঞ্চম আসরে। পেট্রোল বোমা থেকে বাঁচার উপায়, রেলের নিরাপত্তাসহ নিত্যনতুন সব ধারণা নিয়ে শুক্রবার এই ক্ষুদে বিজ্ঞানীরা হাজির হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল চত্বরে। ‘পঞ্চম ডাচ-বাংলা ব্যাংক বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড’ আয়োজক কর্তৃপক্ষ এই প্রদর্শনীর নাম দিয়েছে ‘টেকনোলোজি ফেয়ার’। আর বিকাল ৩টা থেকে শুরু হয় আড়াই ঘণ্টার লিখিত পরীক্ষা, যাতে অংশ নেয় সারাদেশ থেকে আসা ৭২০ জন শিক্ষার্থী।
এই পরীক্ষা কমিটির সদস্য তমাল হোসেন জানান, সপ্তম-অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা গ্রুপ ‘এ’, নবম-দশম শ্রেণির শিক্ষার্থীরা গ্রুপ ‘বি’ এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ‘সি’ গ্রুপে ফিজিক্স অলিম্পিয়াডে অংশ নিচ্ছে। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠানে প্রতি গ্রুপের বিজয়ীদের হাতে তুলে দেয়া হবে পুরস্কার।
বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অটোমিক এনার্জি সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়ো মেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগ এবং ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের আয়োজনে তাদের উদ্ভাবন ও ধারণাগুলো প্রদর্শন করে। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাহিদ ইকরাম ও এবাদুল্লা রূপম নিয়ে এসেছে পেট্রোল বোমা থেকে গাড়ি ও যাত্রীদের রক্ষার উপায়।
এই ধারণার ব্যাখ্যা করে রাহিদ বলে, গাড়ির চারপাশে একটি টিউবের মধ্যে আগুন প্রতিরোধক গ্যাস ও ড্রাই পাউডার ব্যবহার করা হবে। পেট্রোল বোমায় গাড়িতে আগুন ধরলে ওই টিউব গলে যাবে এবং গ্যাস বের হয়ে আগুন নিভে যাবে। একইভাবে যাত্রীদের নিরাপত্তায় আসনের পাশে একই ধরনের টিউব রাখার কথা বলে এই দুই শিক্ষার্থী। কীভাবে গাড়িতে ওই টিউব যুক্ত করতে হবে তা খেলনা গাড়ির মডেল বানিয়ে প্রদর্শনীতে হাজির করেন তারা। গত ৫ জানুয়ারি থেকে বিএনপি জোটের লাগাতার অবরোধের মধ্যে পেট্রোল বোমা ছুঁড়ে যানবাহনে আগুন দেয়ার পাশাপাশি ফিসপ্লেট তুলে ফেলে রেলেও নাশকতা ঘটানো হয়েছে। রেলওয়ের নিরাপত্তা নিয়ে প্রদর্শনীতে এসেছে দুটি ধারণা। শিক্ষার্থীরা বলছে, প্রতিটি রেল স্টেশনে সোলার প্যানেল বসানো হবে, যা থেকে ২০ ভোল্ট বিদ্যুত্ সঞ্চালিত হবে রেল লাইনে। এই বিদ্যুতে কেউ তড়িতাহত হবেন না কিন্তু কোথাও পাত খুলে ফেলা হলে তা সহজেই বোঝা যাবে। ফলে দুর্ঘটনাও ঠেকানো যাবে। বিদ্যুতায়িত লাইনে চাকার ঘর্ষণের ফলে যাতে ঝামেলা না হয় সেজন্য চাকায় আলাদা একটি ‘ডিভাইস’ যুক্ত করার ধারণা দেয়। 
এছাড়া পানি বিশুদ্ধকরণ, অতিরিক্ত ঘাম প্রতিরোধ যন্ত্র, ৫০০ টাকায় ইসিজি যন্ত্র, কম খরচে গাড়ি চলাচল, তারবিহীন বিদ্যুত্ সংযোগসহ ৩০টি উদ্ভাবন ও ধারণা এসেছে এবারের টেকনোলজি ফেয়ারে। অংশগ্রহণকারীরা ছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষর্থীরা এই প্রদর্শনী ঘুরে দেখেন।

তথ্য সূত্রঃ  বিডি নিউজ

, , ,

লগ আউটের পরও তথ্য সংগ্রহ করছে ফেসবুক

সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক থেকে ব্যবহারকারীরা বের হয়ে যাওয়ার পরও গ্রাহকদের সম্পর্কে তথ্য সংগ্রহ করছে ফেসবুক। সাইটটির ব্যবহারের এরকম বিধান সম্বলিত নতুন প্রাইভেসি পলিসিতে ব্যবহারকারীরা অনেকটা অজান্তেই মত দিয়ে সাইন আপ করছেন বলে মনে করছে প্রযুক্তি বিশ্লেষকরা।
নতুন বছরের ৩০ জানুয়ারি কার্যকর হওয়া নতুন প্রাইভেসি পলিসির ঘোষণা দিয়েছিল গত বছরের নভেম্বরে। ফেসবুক কর্তৃপক্ষের দাবি ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করা হবে এই মর্মে আগেই নোটিফিকেশন ও মেইলের মাধ্যমে জানানো হয়েছে। এছাড়াও এই নিয়ে ব্যবহারকারীদের মতামত দেয়ারও সুযোগ রাখা হয়েছিল। ফেসবুকের দাবি ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন দেয়ার জন্য এই তথ্য ব্যবহার করা হবে। এর মাধ্যমে বিরক্তিকর বিজ্ঞাপনের হাত থেকেও রেহাই পাওয়া যাবে বলে ফেসবুকের দাবি।

তথ্য সূত্র: দ্য ইনডিপেন্ডে

,

৭২ ঘণ্টার পরপরই আরো ৩৮ ঘণ্টার হরতালের চিন্তা

চলতি সপ্তাহের হরতাল ৭২ ঘণ্টা থেকে বাড়িয়ে ১০৮ ঘণ্টা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। চলমান অবরোধ কর্মসূচির সঙ্গে আজ রবিবার সকাল ৬টা থেকে প্রথম দফায় টানা ৭২ ঘণ্টার হরতাল শুরু হবে। শেষ হবে বুধবার সকাল ৬টায়। এর পর পরই আবার ৩৬ ঘণ্টা হরতাল দেয়ার পরিকল্পনা হয়েছে বলে বিএনপিসূত্র জানায়। অর্থাত্ এই সপ্তাহের হরতাল শেষ হবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়। গতকাল দলের  একটি দায়িত্বশীল সূত্র জানায়, দ্বিতীয় দফার হরতালের ঘোষণা মঙ্গলবার দেয়া হবে। এর পরের সপ্তাহেও বিরামহীন ১০৮ ঘণ্টার হরতাল দেয়ার চিন্তা করছে দলটি। বেগম জিয়ার জরুরি নির্দেশনাগুলো সেলফোনে গুলশান অফিস থেকে এসএমএস আকারে সংশ্লিষ্ট নেতাদের কাছে পাঠানো হচ্ছে।
বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন, পর্যায়ক্রমে লাগাতার হরতালের পরিকল্পনা আগেই নেয়া আছে। ধাপে ধাপে আসবে লাগাতার হরতাল।
গত ৬ জানুয়ারি থেকে অবরোধের পাশাপাশি দফায় দফায় হরতাল দিয়ে আসছে ২০ দলীয় জোট। তবে গত এক মাসের এই আন্দোলনের প্রভাব রাজধানী ঢাকাকে স্পর্শ করতে পারেনি। ঢাকা শহরে হরতাল-অবরোধের সমর্থনে মিছিল-সমাবেশ না হলেও মফস্বল এলাকায় কম-বেশি মিছিল হচ্ছে। নাশকতাও চলছে সমানতালে।
এদিকে, গত ৩১ জানুয়ারি সকাল থেকে বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিচ্ছিন্ন করে দেয়া ইন্টারনেট, টিএন্ডটি টেলিফোন, ক্যাবল টিভি নেটওয়ার্ক আর সংযোগ দেয়া হয়নি। এছাড়া কার্যালয়ের গেটে পুলিশ অবস্থান করছে। গত ৩ জানুয়ারি থেকে বেগম খালেদা জিয়া এই কার্যালয়ে অবস্থান করছেন। তার সঙ্গে এখন আছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, শামসুর রহমান, শিমুল বিশ্বাস, মারুফ কামাল খানসহ তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরা।
২০ দল নাশকতায় জড়িত নয় :বিএনপি
গতকাল শনিবার এক বিবৃতিতে বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত চলমান অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চলবে। সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।
সালাহ উদ্দিন আহমেদ বলেন, শুক্রবার রাতে গাইবান্ধার তুলশীঘাটে যাত্রীবাহী বাসে বর্বরোচিত পেট্রোল বোমা হামলার ঘটনায় বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেফতার করে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। বিএনপি ও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট বরাবরই বলে আসছে যে, এধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে তারা আদৌ জড়িত নয়। বরং সরকারই এধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে বিরোধী দলের ওপর দায় চাপানোর অপচেষ্টা অব্যাহত রেখেছে

তথ্য সূত্রঃ দৈনিক ইত্তেফাক

, ,

ভেড়ার কারণে বাড়ছে মুনাফা

বিক্রি বাড়াতে দোকানিরা কত কী-ই না করে। কেউ এসি ফিট করেন কেউবা আলোকসজ্জায় ভরিয়ে তোলেন দোকান কিংবা রেস্টুরেন্ট। তবে ক্যাফেতে জীবিত ভেড়া রেখেই বাজিমাত করেছেন দক্ষিণ কোরিয়ার এক ক্যাফে মালিক।
সিউলের ‘থ্যাংকস টু ন্যাচার ক্যাফে’র মালিক লি কোয়াং হো বলেন, আমার ক্যাফেতে সব সময় দুটি জীবিত   ভেড়া ঘুরে বেড়ায়। নৈশভোজের জন্য ক্রেতারা যখন আমার দোকানে আসে তখন অনেকেই ভেড়াগুলো দেখে আনন্দ পায়। তারা দোকানের ভেতরে ঘুরে ক্রেতাদের মনোযোগ কাড়ে। খাওয়ার পাশাপাশি ক্রেতারা ভেড়ার সাথে সময় কাটায়। আর একারণেই হয়তো দোকানের বিক্রি বেড়েছে। ভেড়ার কারণে তার ক্যাফের শুধু বিক্রিই বাড়েনি। তার ক্যাফের সুনাম ছড়িয়ে পড়েছে সৌদি আরব, নিউজিল্যান্ড, মেসিডোনিয়াসহ বিশ্বের আরো অনেক দেশে।

তথ্য সূত্রঃ দৈনিক ইত্তেফাক

, ,

হরতালে তৃতীয় দফা পেছালো এসএসসি

বিএনপির নেতৃত্বাধীন বিরোধী জোটের ডাকা হরতালে তৃতীয় দফা এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে।

আগামী ৮ ফেব্রুয়ারির পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।

আর আগামী ১০ ফেব্রুয়ারির পরীক্ষা ১৪ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টায় অনুষ্ঠিত হবে।

শনিবার চট্টগ্রাম ডাক বাংলোয় এক সংবাদ সম্মেলনে পরীক্ষা পেছানোর ঘোষণা দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের জন্য এদিন তিনি বন্দর নগরীতে অবস্থান করছিলেন।

আগামীকাল ৮ ফেব্রুয়ারি রবিবার এসএসসিতে ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র আর ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল।

মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ৮ ফেব্রুয়ারি আরবি প্রথম পত্র এবং ১০ ফেব্রুয়ারি আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা।

এছাড়া কারিগরি বোর্ডের অধীনে ৮ ফেব্রুয়ারি গণিত-২ (১৯২৩) ও গণিত-২ (৮১২৩) এবং ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়-২ (১৯২৪) (সৃজনশীল) ও সামাজিক বিজ্ঞান-২ (৮১২৪) (সৃজনশীল/সাধারণ) বিষয়ের পরীক্ষা নির্ধারিত ছিল।

এর আগে হরতালের কারণে এসএসসি পরীক্ষা শুরুর দিন গত ২ ফেব্রুয়ারির এবং দ্বিতীয় দিন ৪ ফেব্রুয়ারির পরীক্ষাও পিছিয়ে দেয়া হয়। পরে অবরোধের মধ্যেই শুক্র ও শনিবার এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়

তথ্য সূত্রঃ আরটিএনএন

 
Tricks and Tips