বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিরুদ্ধে ম্যাচে আম্পায়ারিং নিয়ে যখন ক্ষোভে ফুঁসছে বাংলাদেশ তখন ইয়ান গৌল্ড ও আলিম দারদের পাশেই দাঁড়ালেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। তিনি বললেন, ক্রিকেটে এমন ঘটনা ঘটেই থাকে। তিনি বলেছেন, আম্পায়ারিং খেলারই অঙ্গ। এধরনের ঘটনা ঘটেই থাকে। প্রত্যেক সময়ই আম্পায়ারের সিদ্ধান্ত নিজেদের পক্ষে যাবে , এমন হওয়া সম্ভব নয়।মনে রাখতে হবে, আম্পায়াররাও মানুষ এবং তারাও ভুল করতে পারেন।
ঢাকা থেকে ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি আনন্দকে টেলিফোনে বাশার বলেছেন, ক্রিকেটে তো এমনটাই হয়। কোনওদিন আম্পায়ারের সিদ্ধান্ত পক্ষে যাবে, কোনওদিন হয়তো বিরুদ্ধে।
উল্লেখ্য, বাশারের নেতৃত্বাধীন বাংলাদেশই ২০০৭ বিশ্বকাপে ভারতকে হারিয়ে দিয়েছিল। তিনি ভারতের বিরুদ্ধে বাংলা-বাহিনী যেভাবে খেলেছে তাতে উচ্ছ্বসিত। বলেছেন, মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ দুর্দান্ত লড়াই করেছে। এর আগে এই প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশ। এই কৃতিত্ব বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অত্যন্ত তৃপ্তিদায়ক বলেও মন্তব্য করেছেন বাশার। –
তথ্যসূত্র : এবিপি